জার্মানিতে প্রতিদ্বন্দ্বী পাচ্ছে না বায়ার্ন !

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২০:৫৫
 
বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কোচ জাপ হেইঙ্কস মনে করেন, এবারের বুন্দেশ লিগায় পেপ গার্দিওলার অপরাজিত দলটি’র কঠিন কোনো প্রতিপক্ষ নেই।
বর্তমানে ৬৯ বছর বয়সী হেইঙ্কেসের তত্ত্বাবধানে ২০১৩ সালে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল বায়ার্ন। ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেবারের ফাইনালে স্বদেশী ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে এ কৃতিত্ব দেখিয়েছিল তারা। বুন্দেশলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ঘরে তোলার মধ্য দিয়ে প্রথম কোনো জার্মান ক্লাব হিসেবে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছিল ব্যভারিয়ান ক্লাবটি।
গার্দিওলা ২০১৩-১৪ মৌসুমে হেইঙ্কেসের উত্তরসুরী হিসেবে বায়ার্নের দায়িত্ব নেন। স্প্যানিশ কোচটির তত্ত্বাবধানে প্রথম মৌসুমেই রেকর্ড সাত ম্যাচ হাতে রেখে বুন্দেশলিগার শিরোপা জিতেছিল ক্লাবটি। এবারের মৌসুমেও অপরাজিত থাকার ধারা ধরে রেখেছে বায়ার্ন। দ্বিতীয় স্থানে থাকা উলফবার্গ থেকে সাত পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান অটুট রেখেছে তারা।
হেইঙ্কস এ প্রসঙ্গে বলেন, জার্মানিতে বায়ার্নের আশে পাশে কোনো দল নেই। বরুশিয়া, মনশেনগ্লাডবাখ ও উলফবার্গ দলটির কাছাকাছি প্রতিদ্বন্দ্বী হলেও অভিজ্ঞতার অভাবে তারা বায়ার্নের সঙ্গে কার্যকরভাবে লড়াই করতে পারছে না। তিনি বলেন, ‘সাধারণ অর্থেই গ্লাডবাখ এবং উলফবার্গের তেমন প্রস্তুতি নেই, ওদের নিজেদের আত্মবিশ্বাস ও নিশ্চয়তা নেই। আমরাও চ্যাম্পিয়ন হতে পারি- এটা বলার মতো সাহস তাদের নেই। সর্বোপরি আমি বায়ার্নের সামনে তীব্র কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখছি না।’
তবে, ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ এবং ১৯৭২ সালে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্সশিপ জয়ী হেইঙ্কস মনে করেন, সুইস কোচ লুসিয়েন ফ্যাভ্রের তত্ত্বাবধানে তার সাবেক ক্লাব গ্লাডবাখের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘গ্লাডবাখ অনেক উন্নতি করেছে। প্রত্যেক ম্যাচেই তারা ভাল খেলা দেখাচ্ছে। কৌশলগত দিক থেকেও তারা অনেক ভাল। এর সবকিছুই তাদের কোচের জন্য হচ্ছে।’
এবারের মৌসুমে অপ্রত্যাশিতভাবে তালিকার তলানিতে চলে যাওয়া বরুশিয়া ডর্টমুন্ডের ব্যাপারে তার অভিমত, ‘ঘুরে দাঁড়াতে লড়াই করছে দলটি।’—এএফপি।