গৃহবধু দগ্ধ হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৪, ২৩:৩৬

গত রোববার সন্ধ্যায় কুমিল্লার লাকসামের বড়বাম গ্রামে নূপুর আক্তার (২২) নামের এক গৃহবধূ আগুনে দগ্ধ হয়েছেন। নূপুরের স্বামী ইসমাইলের বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় নূপুরকে সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। নূপুর আক্তারের পরিবারের দাবি, ইসমাইল তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। অন্যদিকে, ইসমাইলের পরিবারের দাবি, ইসমাইলের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার একপর্যায়ে নূপুর নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিত্সক পার্থ শংকর পাল জানান, আগুনে নূপুরের দেহের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গেছে।