সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) উপ-নির্বাচনে মুক্তিযোদ্ধা গাজী আমজাদ হোসেনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আগামী ৩০ ডিসেম্বর এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের এক বৈঠকে এই মনোনয়ন চূড়ান্ত করা হয়। সংসদীয় বোর্ডের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংসদীয় বোর্ড সর্বসম্মতভাবে গাজী আমজাদ হোসেনকে এই উপ-নির্বাচনে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।
তিনি বলেন, মনোনয়নের জন্য তিন মহিলাসহ ১৯ জন প্রার্থী সংসদীয় বোর্ডে সাক্ষাত্কার দিয়েছেন। বোর্ড এদের মধ্য থেকে গাজী আমজাদ হোসেনকে মনোনয়ন দিয়েছেন।
বৈঠকে অন্যান্যের মধ্যে সংসদীয় বোর্ডের সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সৈয়দ আশরাফুল ইসলাম, সুরঞ্জিত সেনগুপ্ত এবং ড. আলাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
গত ৬ অক্টোবর আওয়ামী লীগ সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।
