কুমিল্লায় হত্যা মামলার বাদী খুন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১২:৫৯
 
 
কুমিল্লায় জাকির হোসেন (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর নোয়াপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত জাকির হোসেন ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি তার ভাই কাসেম মিয়া হত্যা মামলার বাদী ছিলেন। কাসেমকেও একইভাবে গত ২ জুন হত্যা করা হয়।এর সাড়ে ৫ মাসের মাথায় খুনের শিকার হলেন জাকির।
স্থানীয় জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার নাইঘর গ্রামের রাস্তার পাশের একটি ধানী জমিতে স্থানীয়রা জাকির হোসেনের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বেলা ১২টার দিকে নিহতের ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ওসি উত্তম কুমার বড়ুয়া জানান, নিহত জাকির হোসেন তার ভাই কাসেম মিয়া হত্যা মামলার বাদী ছিলেন। তার ভাইকে একইভাবে গত ২ জুন হত্যা করা হয়। ওই হত্যা মামলায় জাকির হোসেন বাদী হয়ে সন্দেহভাজন ৬ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। ঐ মামলার আসামিরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের কবির, হুমায়ুন, সবুজ, মহালক্ষ্মীপাড়া গ্রামের মনির, নন্দিপাড়া গ্রামের সোহেল মিয়াজী ও দুলালপুর গ্রামের কাউছার আহমেদ। ঐ ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।