রংপুরে যুবলীগ নেতা ইমরান হত্যা: জড়িত সন্দেহে আটক ৪

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৪:১০
 
 
রংপুরে যুবলীগ নেতা ইমরান আলী হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রংপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—পীরগাছা উপজেলার আদমপাড়া গ্রামের মৃত ডাঃ কফিল উদ্দিনের ছেলে আশরাফুল আলম, রংপুর মহানগরীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা মাহবুবুর রহমানের ছেলে মোজাম্মেল হক মিন্টু, মাহিগঞ্জের রফিক মিয়ার ছেলে খোকন মিয়া ও সেন্ট্রাল রোড এলাকার বিনয় গাঙ্গুলীর ছেলে তুষার গাঙ্গুলী।
কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, সোমবার গভীর রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ইমরান হত্যা মামলায় জড়িত সন্দেহে তাদেও আটক করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতরা কেউই ইমরান হত্যার মামলার এজাহারভুক্ত আসামি নয়। তবে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ইমরান হত্যাকাণ্ডে ব্যবহূত পাজেরো জীপ মহানগরীর নিসবেতগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। ঐ পাজেরো জীপটি সিওবাজার এলাকার এক শ্রমিক নেতা সমপ্রতি কিনে নিয়েছিলেন। বর্তমানে আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, মহানগরীর সাতমাথা মাহিগঞ্জের বীরভদ্র বালাটারী এলাকার দুলাল মিয়ার ছেলে ও যুবলীগ মহানগর কমিটির সদস্য, ৩০নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা পিকআপ শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক ইমরান আলীকে ১০ নভেম্বর গভীর রাতে সাতমাথা এলাকায় একদল সন্ত্রাসি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এদিকে ঐ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবলীগ নেতা ইমরান আলীর ভাই বিপ্লব মিয়া বাদী হয়ে রংপুর জেলা ও বিভাগীয় মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এম এ মজিদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।