টানা পাঁচ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকপতন হয়েছে। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণও। এ দিকে আজ মঙ্গলবার পুঁজিবাজারে প্রথম দিনের লেনদেনে খান ব্রাদার্সের শেয়ারের দাম বেড়েছে ৬৬ টাকা, অর্থাত্ ৬৬৬ শতাংশ। দিনের শুরুতে কোম্পানিটির লেনদেন হয় ৪৭ টাকা দরে। এরপর দুই ঘণ্টায় শেয়ারটির দর ৭০ টাকায় উঠে যায়। একপর্যায়ে ৮০ টাকাতেও লেনদেন হয়েছে। পরে ৭৬ টাকা লেনদেনে দিন শেষ হয়। এ দিকে, ডিএসইতে আট দিনের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে আজ মঙ্গলবার।
তথ্যে দেখা গেছে, মঙ্গলবার ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ১৮ কমে ৪ হাজার ৮৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ১৫ কমে ১ হাজার ৮১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬২৭ কোটি ৯৯ লাখ টাকার, যা আগের দিনের চেয়ে ৬৩ কোটি ১ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১২৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের। অপর দিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট কমে ১৫ হাজার ১৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৫১ কোটি ২৭ লাখ টাকার, যা আগের দিনের তুলনায় ৭ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২২৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের।
এ দিকে, পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা অয়েল ও জেমিনি সি ফুড কোম্পানি সমাপ্ত অর্থ-বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। যমুনা অয়েল কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৯০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ শেয়ার। আর জেমিনি সি ফুডের পরিচালনা পর্ষদ সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
