বিশ্বাস হয় না আমি বার্সেলোনার খেলোয়াড় : সুয়ারেজ

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ১৮:১২
 
 বার্সেলোনার পক্ষে খেলার অভিজ্ঞতাকে ক্যারিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি হিসেবে মন্তব্য করেছেন লুইস সুয়ারেজ। একইসাথে তিনি বলেছেন কাতালানদের পক্ষে খেলার কথা মনে হলেই তিনি উচ্ছ্বাসিত হয়ে পড়েন, কোনভাবেই বিশ্বাস করেন না তিনি বার্সেলোনার মূল একাদশের একজন খেলোয়াড়। 
চলতি বছরের আগস্টে ৮৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইংলিশ জায়ান্ট লিভারপুল থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার। 
বিশ্বকাপের ইতালিয়ান ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড় দেবার অপরাধে চার মাস মাঠের বাইরে থাকার কারনে এবারের লীগে নতুন ক্লাবের হয়ে এখন পর্যন্ত মাত্র তিনটি ম্যাচ খেলেছেন। যদিও এই নিষেধাজ্ঞার কারনে এখনো তিনি দেশের হয়ে মাঠে নামতে পারেননি। আগামী বছরের কোপা আমেরিকা পর্যন্ত তাকে ফিফার এই শাস্তির মধ্যে থাকতে হবে। সে কারনেই হয়তবা ক্যাম্প ন্যুতে নিজেকে মানিয়ে নেবার সর্বোচ্চ চেষ্ট চালিয়ে যাচ্ছেন। 
স্থানীয় ফক্স স্পোর্টসে সুয়ারেজ বলেছেন, আমার জন্য বার্সেলোনায় খেলাই সর্বোচ্চ লক্ষ্য ছিল। ছোটবেলায় আমি যখন বার্সেলোনা সফরে এসেছিলাম তখন লুকিয়ে ক্লাবের অনুশীলন দেখেছিলাম। আর এখন সেই ক্লাবের হয়ে আমি খেলছি। এটা সত্যিই স্বপ্নের মত। 
হাঁটুর ইনজুরি কাটিয়ে সুয়ারেজ বিশ্বকাপের উরুগুয়ে দলের হয়ে খেলতে নেমেছিলেন। গ্রুপ পর্বে তার দেয়া গোলেই ইংল্যান্ডের বিপক্ষে উরুগুয়ের জয় নিশ্চিত হয়েছিল। 
এ সম্পর্কে সুয়ারেজ বলেন, ইংল্যান্ডের বিপক্ষে আমি যে দুটি গোল করেছিলাম সেই গোলদুটি আমার ক্যারিয়ারে সবচেয়ে উপভোগ্য গোল ছিল। বিশ্বকাপের আগে আমার হাঁটুতে যখন অস্ত্রোপচার হয় তখন প্রিমিয়ার লীগের অনেকেই আমাকে নিয়ে উপহাস করেছিল। তারা ভাবতেও পারেনি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে আমি ফিরে আসবো। আমার পরিবার এব্যপারে আমাকে দারুন সহযোগিতা করেছে। 
লিভারপুলের হয়ে গত মৌসুমে ২৭ বছর বয়সী সুয়ারেজ সর্বোচ্চ ৩১ গোল করে ইংলিশ লীগের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এরপরেও ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা থেকে তার নাম বাদ পড়ায় অনেকেই হতাশ। 
এ সম্পর্কে সুয়ারেজ বলেছেন, আমি জানি যে ব্যালন ডি’অর শুধুমাত্র মাঠের পারফরমেন্স দেখেই নির্ধারিত হয়না, এখানে একজন খেলোয়াড়ের শৃঙ্খলাও দেখা হয়। কিন্তু এখনো আমার কাছে একটি বিষয় স্পষ্ট নয় এটা কি জুলাই-জুন নাকি জানুয়ারি-ডিসেম্বরের পারফরমেন্সের ভিত্তিতে নির্ধারণ করা হয়। যদি জানুয়ারি থেকে ডিসেম্বর করে তাহলে কোন কথা নেই। কিন্তু পুরো মৌসুম বিবেচনা করলে আমার কাছে এখনো বিষয়টা স্পষ্ট নয়।