ভরণপোষণের দাবিতে ৪ সন্তানের বিরুদ্ধে পিতার মামলা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৪, ২২:১৫
 
 সাভারে হাসেম আলী নামে এক বৃদ্ধা ৪ সন্তানের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে একটি মামলা করেছেন। হাসেম আলীর ভরণপোষণ দিতে অপরাগতা প্রকাশ করায় তিনি এ মামলা করেন। 
ঢাকা জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলাম বাদীর আর্জি গ্রহণ করে আগামী ৩০ ডিসেম্বর তার সন্তানদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন।
মামলার বিবরণে জানা যায়, সাভার থানার ভাটপাড়া এলাকায় হাসেম আলী (৭০) বসবাস করেন। ২০০৮ সালে তার স্ত্রী মারা যান। পরে সেখানে তিনি ৬ শতাংশ বাড়িতে ৩ পুত্র আমজাদ হোসেন, আবুল হোসেন, আলমগীর হোসেন ও একমাত্র মেয়ে রাশিদা আক্তারকে নিয়ে বসবাস করা অবস্থায় সুকৌশলে তার সম্পত্তি সন্তানেরা রেজিষ্ট্রি করে নেন। বাড়ি রেজিষ্ট্রির পর সন্তানরা গত সেপ্টেম্বর মাসে তাকে এ বাড়ি থেকে বের করে দেন। ফলে, বৃদ্ধ বয়সে অসহায় হয়ে তিনি গ্রাম্য সালিশের অয়োজন করেন, সেখানেও সন্তানেরা  জানিয়ে দেয় তারা তার পিতাকে ভরণপোষণ দিতে পারবে না।
বর্তমান সরকার ভরণপোষণ আইন প্রণয়ন করায় তিনি এ আইনে সন্তানদের আসািস করে মামলাটি দায়ের করেন।
উল্লেখ্য, পিতা-মাতাকে ভরণপোষণ না দিলে জেল-জরিমানার বিধান রেখে গত বছর সরকার এ আইন প্রণয়ন করে।
এই মামলায় অভিযোগ প্রমাণিত হলে আসামীদের বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাবাসের বিধান রাখা হয়েছে।
স্ত্রী, ছেলে-মেয়ে বা নিকট আত্মীয় এ দায়িত্ব পালনে বাধা দিলে তারাও একই অপরাধে দন্ডিত হবে।