যুবলীগ নেতাকে কুপিয়ে আহত

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ০১:৫৩

সোমবার সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের সদস্য ও বসায়ী মতিউর রহমানকে (৩৫) উপর্যুপরি ছুরিকাঘাত ও রামদা দিয়ে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মাড়িয়া গ্রামের কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নয়মাইল বাজারের জেএম কেবল টিভি নেটওয়ার্ক নামে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মতিউর রহমান। মাড়িয়া গ্রামের পাশে সড়ক অবরোধ করে ওত পেতে থাকা দুর্বৃত্তরা যুবলীগের ওই নেতাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে এবং রামদা দিয়ে কোপাতে থাকে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা তাঁকে ফেলে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
শাজাহানপুর উপজেলা যুবলীগের সভাপতি এম সুলতান আহম্মেদ মতিউর রহমানের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, এ ঘটনায় এখনো কেউ মামলা করেনি, মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।