ঈশ্বরদীতে রেলের ৪০ ঠিকাদারের দরপত্র দাখিলে বাধা

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ০১:৫৯

গত সোমবার সকালে সন্ত্রাসীদের বাধায় লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার ৪০ জন ঠিকাদার দরপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের রাজশাহীর (পশ্চিম) প্রধান প্রকৌশলী বরাবরে ওই ঠিকাদারেরা লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্র অনুযায়ী ও ঈশ্বরদীর ওই ঠিকাদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সকালে ঈশ্বরদীর ৪০ জন ঠিকাদারের নিযুক্ত চারজন প্রতিনিধি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের অধীন বিভাগীয় প্রকৌশলীর দপ্তরে সাতটি গ্রুপের ঠিকাদারি কাজে দরপত্র দাখিল করতে আসেন। ওই কার্যালয় এলাকায় অবস্থানরত স্থানীয় আনুমানিক ২৫ থেকে ৩০ জন সন্ত্রাসী তাঁদের কাছ থেকে দরপত্রের কাগজপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে। এ সময় ঠিকাদারদের প্রতিনিধিদের মারধরও করা হয়।
বাংলাদেশ রেলওয়ের রাজশাহী কার্যালয়ের প্রধান প্রকৌশলীর চলতি দায়িত্বে থাকা আফজাল হোসেন বলেন, ‘আমি অভিযোগ পেয়েছি। লালমনিরহাট রেল বিভাগীয় প্রধান প্রকৌশলীর কাছে অভিযোগটি পাঠিয়ে দিয়ে তদন্ত করে জানাতে বলেছি।’
এ ব্যাপারে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রধান প্রকৌশলী আহসান জাবির বলেন, ‘আমার দপ্তরে (বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়) কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ঈশ্বরদীর ৪০ জন ঠিকাদারের দরপত্র টেন্ডার বাক্সে ফেলতে না দেওয়া-সংক্রান্ত একটি অভিযোগ রাজশাহী প্রধান প্রকৌশলীর দপ্তরের মাধ্যমে পেয়েছি। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।’