ভারতে ধর্মগুরুর আশ্রম থেকে পাঁচজনের লাশ উদ্ধার

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১২:০৩



ভারতের হরিয়ানা রাজ্যের বারওয়ালা টাউনে ধর্মগুরু রামপালের আশ্রমে অভিযান চালিয়ে বুধবার পাঁচজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়াও হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়েছে। খবর এএফপি’র।

পুলিশের মহাপরিচালক এসএন বাশিস্ট সাংবাদিকদের বলেন, ‘মৃতদেহগুলোকে হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে মৃতের কারণ অনুসন্ধানে মৃতদেহগুলোর ময়না তদন্ত হচ্ছে।’

এদিকে রাতভর চেষ্টা করেও ধর্মগুরু রামপালকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও তাদের দাবি, আশ্রমেই লুকিয়ে আছেন ধর্মগুরু। রামপালের অনুগতদের বাধার মুখে মঙ্গলবার কার্যত ব্যর্থ হয় পুলিশ। পরে বুধবার পুলিশ আরো সক্রিয় হয়ে ওঠে। আশ্রম খালি করতে সময় বেঁধে দেয়া হয়। সেই মতো সকাল ১০ টার মধ্যে প্রায় হাজার দশেক রামপাল অনুগামী আশ্রম ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পুলিশের অনুমান, ভেতরে এখনও বহু অনুগামী আটকে রয়েছেন। তাদের দাবি, সেই সংখ্যাটা প্রায় ৫ হাজার।

হাইকোর্টের নির্দেশে রামপালকে আদালতে হাজির করতে মঙ্গলবার আশ্রমে প্রবেশের চেষ্টা করে পুলিশ। তবে রামপালের নিজস্ব বাহিনীর বাধার মুখে ব্যর্থ হয় পুলিশ। কালো পোশাক পরা সেই বাহিনীর পেছনেই ঢাল হিসেবে ব্যবহার করা হয় পুরুষ এবং মহিলা অনুগামীদের। ভিড়ের মধ্যে বেশ কিছু শিশুকেও দেখা যায়। ওই ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ২০০ জন আহত হন। তাদের মধ্যে পুলিশ এবং সংবাদমাধ্যমের কর্মীরাও ছিলেন। পেট্রোল বোমা, অ্যাসিড, বন্দুক এ সবই ছিল ধর্মগুরুর অনুগামীদের হাতে। পুলিশের উপর সে সব নিয়ে হামলা চালানো হয়। পাল্টা হিসেবে পুলিশ জলকামান এবং কাঁদানে গ্যাস ছোড়ে।