অ্যানড্রয়েড ট্যাবলেট নিয়ে ফিরে আসছে নোকিয়া

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ১৭:৫৬
 
 
এন-১ নামের ট্যাবলেট নিয়ে বাজারে ফিরে আসছে নোকিয়া। অ্যাপেলের আইপ্যাড মিনি সদৃশ অ্যানড্রয়েড ট্যাবলেট দিয়ে এক সময়ের বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা নোকিয়া চমকে দিয়েছে প্রযুক্তি বিশ্লেষকদের। নোকিয়ার এভাবে ফিরে আসাটাকে অনেকেই ফিনিক্স পাখির সাথে তুলনা করছেন।
১৮ নভেম্বর অ্যানড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০ নির্ভর এন-১ নামের ট্যাবলেট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি।  অ্যালুমিনিয়াম কাঠামোর ৭.৯ ইঞ্চি মাপের ডিসপ্লেসহ থাকবে ইন্টেল অ্যাটম প্রসেসর। ট্যাবটির দাম হবে ২৪৯ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ হাজার টাকা।
এ বছর এপ্রিলে ৭২০ কোটি মার্কিন ডলারে নোকিয়া নিজেদের মোবাইল ফোন বিভাগটি মাইক্রোসফটের কাছে বিক্রি করে দিয়েছিল। এর পর থেকেই উইন্ডোজ নির্ভর মোবাইল ফোন ও ট্যাবলেট তৈরি করছিল নোকিয়া। মাইক্রোসফট সর্বশেষ গত ১১ নভেম্বর 'নোকিয়া' ব্র্যান্ড বাদ দিয়ে তাদের নিজস্ব 'লুমিয়া' ব্র্যান্ডে উইন্ডোজ ফোন বাজারে ছেড়েছিল। তার পরই ফিনল্যান্ডের এই নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানিটি তাদের পুরনো ব্র্যান্ডে অ্যানড্রয়েড নির্ভর ট্যাবলেট বাজারে ছাড়ার ঘোষণ দিলো।
ট্যাবলেটটি আগামী বছরের শুরুতে চীনের বাজারে প্রথমে ছাড়া হবে। এরপর অন্যান্য দেশের বাজারে পাওয়া যাবে ট্যাবটি। নোকিয়ার পক্ষে ট্যাবটি তৈরি করবে তাইওয়ানের প্রযুক্তি পণ্য নির্মাতা ফক্সকন। সূত্র: রয়টার্স