মালয়েশিয়াগামী ট্রলার থেকে আটক ৮৫ জন কারাগারে

আপডেট : ১৯ নভেম্বর ২০১৪, ২১:৪৩
 
 
 
 
 
সমুদ্রপথে অবৈধভাবে থাইল্যান্ড ও মালয়েশিয়া যাওয়ার সময় আটক মিয়ানমার ও বাংলাদেশের ৮৫ নাগরিককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আহমেদ সাইদ এ নির্দেশে দেন। সিএমপির অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুত্তাকী ইবনু মিনান ইত্তেফাককে জানান, আসামিদের রিমান্ড ও জামিন আবেদন না থাকায় আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এর আগে মালয়েশিয়াগামী ট্রলার থেকে আটক ৯৮ জনকে আসামি করে চট্টগ্রামের পতেঙ্গা থানায় দুটি মামলা হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ দুর্জয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কমান্ডার মাহবুবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা দুটি করেন।
পুলিশ জানিয়েছে— আটককৃতদের মধ্যে মিয়ানমারের নাগরিক ছিলেন ৮২ জন। তাদের বিরুদ্ধে বৈদেশিক নাগরিক নিয়ন্ত্রণ আইনের ১৪ ধারায় মামলা হয়েছে। এদের মধ্যে ১১ জন মানবপাচারকারী এবং অন্যরা মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানা পার হয়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করে ধরা পড়েন।
এ ছাড়া, আটক হওয়া ১৬ বাংলাদেশির বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬, ৭ ও ৮ ধারায় একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে হাজির করা হয়।
পতেঙ্গা থানার ডিউটি অফিসার জানান— সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিনস দ্বীপের কাছে নৌবাহিনীর হাতে আটক ৫৯২ জনকে মঙ্গলবার রাতে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে দুজন অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। ৫৯২ জনের মধ্যে ৪৯৪ জন বাংলাদেশি ভিকটিম। মঙ্গলবার রাতেই তাদের ছেড়ে দেয়া হয়েছে।