অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলন (৫০) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক শারমিন আক্তার প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে খুনিদের বিচারের দাবিতে চলমান আন্দোলন ক্যাম্পাস থেকে শহরে ছড়িয়ে পড়েছে। আন্দোলনরত শিক্ষকরা গতকাল ক্লাসে ফিরলেও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীসহ নগরীর বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মানববন্ধন কর্মসূচি থেকে অধ্যাপক শফিউলের খুনিদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানানো হয়। অন্যদিকে দুপুরে একই দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিশ্ববিদ্যালয় শাখা মানববন্ধন ও সমাবেশ করেছে। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ইসলামীয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবিরসহ ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শিক্ষকরা ক্লাসে ফিরেছেন: গত শনিবার বিকালে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ডাকে রবিবার থেকে টানা তিন দিনের কর্মবিরতি পালন শেষে গতকাল ক্লাসে ফিরেছেন শিক্ষকরা। এছাড়া শিক্ষক সমিতির পূর্বঘোষিত সাত দিনের কালোব্যাজ ধারণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
দ্রুত বিচার দাবি শিক্ষকদের: নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন ও সমাবেশ থেকে অধ্যাপক শফিউল ইসলাম হত্যার দ্রুত বিচার চেয়েছেন শিক্ষকরা। ‘সার্বজনীন মানববন্ধন’ কর্মসূচিতে শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ছাড়াও নগরীর বিভিন্ন শ্রেণিপেশার শতশত মানুষ অংশ নেন।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন: অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে রাবি শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এসময় বক্তারা বলেন, অধ্যাপক শফিউলের মতো একজন আদর্শবাদী শিক্ষককে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করা হলো।
বিনোদপুরে আওয়ামী লীগের বিক্ষোভ: এদিকে ড. শফিউল হত্যার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর বিনোদপুরে বিকালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর আওয়ামী লীগ।
