ভারত থেকে পুশব্যাক করা যুবক মাকসুদ আলম বাপ্পিকে (২৬) ‘জঙ্গি’ সন্দেহে আটক দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গোদাগাড়ী থানা পুলিশ গতকাল বুধবার দুপুরে রাজশাহীর জেলা ও দায়রা জজ আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাকসুদ আলম বাপ্পি ঢাকার পল্লবী এলাকায় জনৈক মোহম্মদ আলমের ছেলে। গত মঙ্গলবার বিকালে তাকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তপথে পুশব্যাক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এরপর গোদাগাড়ীর রাজাবাড়ি চেকপোস্টের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে ‘জঙ্গি’ সন্দেহে আটক করে গোদাগাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীস্থ ৩৭ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মাসুদুজ্জামান খান বলেন, গোদাগাড়ীর রাজাবাড়ি চেকপোস্টে বাসে তল্লাশির সময় সন্দেহজনক কথাবার্তার জন্য তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার ওসি এসএম আবু ফরহাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবকের জঙ্গি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। ২ বছর আগে বাবা-মায়ের ওপর অভিমান করে বাপ্পি পাসপোর্ট-ভিসা ছাড়াই সীমান্ত পার হয়ে ভারতে চলে যায়। এরপর পশ্চিমবঙ্গের একটি থানা পুলিশ তাকে আটক করে। পরে পশ্চিমবঙ্গের বহরমপুর কেন্দ্রীয় কারাগারে ২৬ মাস কারাভোগ শেষে ছাড়া পায় মাকসুদ আলম বাপ্পি।
