ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরে ১০ টাকা চাঁদা কম দেয়ায় ট্রাক ড্রাইভারের পা ভেঙে দিয়েছে ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের সদস্যরা। এই ঘটনার প্রতিবাদে দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে ট্রাক ড্রাইভাররা। সৃষ্টি হয় তীব্র যানজটের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল ভোর হতে উপজেলার শেরুয়া বটতলায় প্রতিদিনের ন্যায় মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের যৌথ ব্যানারে চাঁদা আদায় করা হচ্ছিল। সকাল সাতটার দিকে সেখান থেকে বগুড়াগামী একটি ট্রাককে সিগন্যাল দেয়া হলে ড্রাইভার আজমল ট্রাকটি রাস্তার পাশে দাঁড় করান। তার কাছে ৫০ টাকা চাঁদা চাওয়া হলে তিনি ৪০ টাকা দিয়ে জানান তার কাছে আর খুচরা টাকা নেই। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে চাঁদা আদায়কারীদের একজন হাতে থাকা লাঠি দিয়ে ট্রাকের গ্লাসে আঘাত করলে গ্লাস ভেঙে যায়। ড্রাইভার আজমল এর প্রতিবাদ জানালে চাঁদা আদায়কারীরা তাকে ট্রাক থেকে নামিয়ে লাঠি দিয়ে বেদম পিটিয়ে পা ভেঙে দেয়। পরে অন্য ড্রাইভাররা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একইসঙ্গে তারা সড়ক অবরোধ করে ঘটনার প্রতিবাদ জানাতে থাকে। এ সময় রাস্তার দুইপাশে শত শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে স্থানীয় পুলিশ এসে উপযুক্ত বিচারের আশ্বাস দিলে সকাল নয়টার দিকে অবরোধ তুলে নেয়া হয়।
এ ব্যাপারে বগুড়া জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ড ভ্যান মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজামাল জানান, একটি ভুল বুঝাবুঝি হয়েছে। আমরা বিষয়টি মিটিয়ে ফেলেছি। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী জানান, চাঁদা তোলাকে কেন্দ্র করে মারপিট ও রাস্তা অবরোধের ঘটনা ঘটে।
