বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি ও সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ০২:০৬

বরিশালে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ ছাত্রলীগ মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক ওয়াসিম দেওয়ানকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। গতকাল বুধবার দুপুরে নগরের সোহেল চত্বরে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে হাতেম আলী কলেজের নেতারা ছাড়াও বরিশাল কলেজ ছাত্রলীগের নেতারাও উপস্থিত ছিলেন।

বক্তব্যে বলা হয়, মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের ছাত্রত্ব নেই। তাঁরা ছাত্রলীগের নামে বিভিন্ন অপকর্ম করছেন। এক বছর আগে কমিটির মেয়াদ শেষ হয়েছে। এতে সংগঠনের ভাবমূতি ক্ষুণ্ন হচ্ছে।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সভাপতি মো. জসিমউদ্দিন বলেন, তাঁদের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ ভিত্তিহীন।