বুধবার রাতে নাটোরের লালপুর উপজেলা স্বেচ্ছা সেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আলী (৪৭) খুন হয়েছেন। বৃহস্পতিবার সকালে লালপুর থানা পুলিশ উপজেলার কচুয়া বাজারের পশ্চিম দিকে সুন্দর গাড়া মাঠের একটি কাাঁচা সড়কের উপর থেকে তার লাশ উদ্ধার করে। তিনি বড় বিলশলিয়া গ্রামের মৃত বয়েজ উদ্দিন মন্ডলের পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহতের শরীরের নিম্নাংশে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত এবং উপরের দিকে থেতলানো চিহ্ন রয়েছে। তার ডান হাতের কব্জি ভাঙ্গা ছিল।
নিহতের স্ত্রী চম্পা খাতুন জানান, রাত ১০টার দিকে একটি মোবাইল ফোন পেয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই জানান, ধারণা করা যাচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে।
