কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহাছড়ার নোয়াখালীয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক মো. ফেরদাউসকে আটক করেছে মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের সামনে থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কক্ষে আর কোন শিক্ষক না থাকার সুযোগে সহকারী শিক্ষিকা রাবেয়া বেগমকে শ্লীলতাহানির চেষ্টা করেন প্রধান শিক্ষক মো. ফেরদাউস। এ ঘটনায় শিক্ষিকা তাকে শ্লীলতাহানী ও শারীরিক নির্যাতনের অভিযোগে এনে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদাউসের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন পুলিশের কাছে।
ওই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো. শাহজানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য উপজেলা পরিষদের সামনে অভিযান চালিয়ে প্রধান শিক্ষক মো. ফেরদাউসকে আটক করা হয়। আটক শিক্ষক বাহারছড়ার নোয়াখালীয়া এলাকার মৃত মো. হোসেন মেম্বারের ছেলে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মোক্তার হোসেন শিক্ষক আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নারী নির্যাতন ও শ্লীলতাহানির মামলা রয়েছে।
