তাড়াশে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৫:০৩

বুধবার গভীর রাতে তাড়াশ উপজেলার নওগায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতরা বন্দুকের ফাঁকা গুলি চালায়। ডাকাতদের কোপে আহত হয় দুইজন।
এলাকা ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার দক্ষিণ সীমান্তের সর্বশেষ বাড়ির সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জামাল উদ্দিন ও নিজামের বাড়ি ডাকাতরা ঘিরে ফেলে। এ সময় তারা ফাঁকা গুলি করে আতঙ্কের সৃষ্টি করার পর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করতে থাকে। এ সময় বাধা দিলে সাবেক ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের পুত্র জহুরুল ইসলাম (৪২) ও মেহেদীকে (২৮) কুপিয়ে মারাত্মক আহত করে। পরে ২বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ২লাখ টাকা, ৮ভরি স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায়। আহত জুহুরুল ও মেহেদীকে রাতেই সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।