আমিরকে ঘরোয়া লিগে ফেরাতে আইসিসিকে চিঠি

আপডেট : ২০ নভেম্বর ২০১৪, ১৭:০২



স্পট ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া মোহাম্মদ আমিরকে ঘরোয়া লিগে ফেরাতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে অনুরোধ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি)। ২০১৫ সালের সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে ঘরোয়া ক্রিকেটে ফেরানোর বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে পিসিবি।

পিসিবির এক কর্মকর্তা বুধবার চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আইসিসির পরিবর্তিত এন্টি কারাপশন কোডের আলোকে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই আমিরকে ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ দেয়ার অনুরোধ জানিয়ে চিঠি দেয়া হয়েছে।’

উল্লেখ্য, সম্প্রতি আইসিসির এন্টি কারাপশন কোড সংশোধন করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্তপালন সাপেক্ষে নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই ঘরোয়া ক্রিকেটে ফেরার সুযোগ রয়েছে। আর ম্যাচে গড়াপেটার দায়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়া আমিরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে ২০১৫ সালের সেপ্টেম্বরে। এই সময়ে দুর্নীতি বিরোধী বেশ কিছু অনুষ্ঠানেও অংশগ্রহন করেছেন।

এর আগে আইসিসির এন্টি করাপশন কোডের আনা পরিবর্তনকে স্বাগত মোহাম্মদ আমির বলেছিলেন, ‘নিজের সেরা ফিটনেস ধরে রাখতে আমি কঠোর অনুশীলন করছি। আমি আত্মবিশ্বাসী, আইসিসি আমাকে যখনই ক্লিয়ারেন্স দেবে, তখনই ঘরোয়া ক্রিকেটে ফিরতে পারব।’

বোর্ডের তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমির, আমার মামলাটি নিষ্পত্তি করার জন্য পিসিবি যে পরিমাণ চেষ্টা করছে, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি তাদের এবং আইসিসিকে আশ্বস্ত করতে চাই, যখনই দুর্নীতিবিরোধী কোনো প্রয়োজনে আমাকে ডাকা হবে, আমি পাশে থাকব।