লালমনিরহাটে রাশেদুল হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক সিদ্দিকুল আরেফিন চৌধুরী এ রায় প্রদান করেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন— হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ছয়আনি পিত্তিফাটা গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে আবু সামা, বাহার উদ্দিনের ছেলে রহম আলী এবং তার ভাই জমের আলী, একই উপজেলার শেখ সিন্দুনা গ্রামের বাহার উদ্দিনের ছেলে রফিক, মোকছেদ আলীর ছেলে ফজর আলী এবং শুকর আলীর ছেলে মোতালেব।
জানা গেছে— ২০০৫ সালের ২২ ডিসেম্বর সকালে ওই এলাকার মতিয়ার রহমান এবং তার দুই ছেলে রাশেদুল ও আবু হোসেন তাদের জমিতে ভুট্টা চাষ করতে গেলে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে রাশেদুলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে সে মারা যায়। এ ঘটনায় নিহতের পিতা ১০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
