আজ শুরু ওয়ানডে মিশন, শিশির নিয়ে দুশ্চিন্তা

আপডেট : ২১ নভেম্বর ২০১৪, ১২:১০

দলের বাকিরা অনুশীলন করছিলেন। কোচ চান্দিকা হাতুরুসিংহে হন হন করে হেঁটে গেলেন উইকেটের দিকে। সেখানে আগে থেকেই দাঁড়িয়ে ছিলেন ধারাভাষ্যকার হিসাবে আসা ডেভ হোয়াটমোর। একটু উইকেটে চোখ বুলিয়েই হোয়াটমোরের সঙ্গে আলাপে মেতে উঠলেন হাতুরুসিংহে। হোয়াটমোরের কথাবার্তা মুগ্ধ হয়েই শুনতে থাকলেন হাতুরুসিংহে। মনে হলো- নিজের সাবেক কোচের কাছ থেকে আরেকটু তালিম নিয়ে নিচ্ছেন বাংলাদেশের কোচ।
তা তালিম হাতুরুসিংহে নিতেই পারেন। শুধু নিজের সাবেক কোচ বলেই নয়, বাংলাদেশের সাবেক কোচও ছিলেন হোয়াটমোর। জিম্বাবুয়েকে হারাতে শিখিয়ে ছিলেন এই ডেভ হোয়াটমোরই। একারণে তার কাছ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে কিছু ‘টিপস’ তো নিতেই পারেন হাতুরুসিংহে। সে টিপস তিনি নিয়ে থাকুন আর নাই থাকুন, আজ থেকে নতুন এক চ্যালেঞ্জ শুরু হচ্ছে হাতুরুসিংহের দলের। শুরু হচ্ছে জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে আরো একবার কুপোকাত করে নিজেদের বিশ্বকাপের জন্য প্রস্তুত করে ফেলার চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ নিয়েই পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুপুর দেড়টা থেকে শুরু হতে যাওয়া দিবারাত্রির এই ম্যাচ যথারীতি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও গাজী টেলিভিশন।
গত বছর দশেকে এই জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড এবং সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জয় বাংলাদেশকে এই সিরিজে ফেবারিট করেই রেখেছে। নিজেদের এগিয়ে থাকাটা অস্বীকার করলেন না ওয়ানডে সিরিজে দলের দায়িত্ব নেয়া মাশরাফি বিন মুর্তজা। তবে তিনি পরিষ্কার করে দিলেন, একবারে সিরিজ বা পাঁচ ম্যাচ নয়, একটা একটা করে জয়ের কথাই ভাবছেন তারা। সে ক্ষেত্রে দৃষ্টি এখন শুধুই আজকের ম্যাচে।
আজকের ম্যাচে জয়ের জন্য সম্ভাব্য সেরা একাদশ মাঠে নামাতে সম্ভবত স্বাগতিকরা বাইরে বসিয়ে রাখতে পারে গত টেস্টেই সেঞ্চুরি করা ইমরুল কায়েসকে। তার বদলে তামিম ইকবালের সঙ্গে ইনিংস শুরু করতে নামবেন ওয়ানডেতে বাংলাদেশের গত বছর খানেকে অন্যতম সফল ব্যাটসম্যান এনামুল হক বিজয়। এরপর তিন নম্বরে মুমিনুল হক টেস্ট ফর্মের কারণেই ওয়ানডেতে থেকে যাবেন; যদিও তিন নম্বরে মুমিনুল-ইমরুল একটা লড়াইয়ের সম্ভাবনা আছে। চার, পাঁচ ও ছয়ে মাহমুদউল্লাহ, সাকিব ও মুশফিক এদিক ওদিক করে তো নিশ্চিতই আছেন। সাত নম্বরে সাব্বির রহমান রুম্মন যুক্ত হবেন দলের সঙ্গে। তবে ওপরে ইমরুলকে দলে নিয়ে টপ অর্ডার ভারি করা হলে রুম্মনের কপাল পুড়তে পারে। এরপর দুই পেসার মাশরাফি ও আল আমিন এবং এক স্পিনার আরফাত সানি নিশ্চিত। বাকি জায়গাটি নিয়ে দুশ্চিন্তায় আছে বাংলাদেশ ম্যানেজমেন্ট—লেগ স্পিনার জুবায়ের হোসেন নাকি তৃতীয় পেসার সফিউল ইসলাম।
স্পিন সহায়ক কন্ডিশনের কারণে আরেকজন স্পিনারের অন্তর্ভুক্তি নিয়ে এমনিতে প্রশ্ন থাকার কথা না; কিন্তু জটিলতা তৈরি করে দিয়েছে শিশির। শিশিরের কারণে যদি পরে বল করতে হয় তাহলে স্পিনাররা কার্যত মাঠে থেকেও বেশিরভাগ সময় বল করতে পারেন না। তখন একজন বাড়তি পেসার জরুরি হবে। এই হিসাব মিলিয়ে দলে ঢোকানোর জন্য ইতিমধ্যে স্কোয়াডে আনা হয়েছে সফিউলকে। যে কম্বিনেশনেই বাংলাদেশ মাঠে নামুক না কেন, তাদের প্রধান প্রতিপক্ষ যে শিশিরই হতে যাচ্ছে, তা নিয়ে সন্দেহ নেই।