রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদের গুলিবিদ্ধ ভাইস চেয়ারম্যান মুন্সি নাদের হোসেনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার হাবাসপুর ইউপির কাচারী-পাড়া বাজার সংলগ্ন এলাকায় চরমপন্থী সন্ত্রাসীর গুলিতে আহত নাসের রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সরিজমিনে জানা গেছে, জেলা কৃষকলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন শুক্রবার সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে নিজ বাড়ী হাবাসপুর ইউপির কাচাড়ীপাড়া গ্রাম থেকে মোটরসাইকেলে করে পাংশা উপজেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। বাড়ী থেকে এক কিলোমিটার দূরে কাচারীপাড়া বাজারে পৌঁছানোর আগে ওৎ পেতে থাকা একই গ্রামের চরমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসী মন্জু মোটরসাইকেলের গতি রোধ করে নাদের হোসেনকে কাছ থেকে মাথায় ও বুকে পর পর দুইটি গুলি করে স্থান ত্যাগ করে। পরে স্থানীয়রা উদ্ধার করে পাংশা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে নাদের হোসেনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যক্তিদের সাথে এনিয়ে কথা বলেন ।
পাংশা থানার ওসি আবুল বাশার মিয়া বলেন, ‘‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে নাদের হোসেনকে চরমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ, হত্যা মামলার আসামি মন্জু গুলি করেছে বলে তথ্য পাওয়া গেছে।নাদের হোসেন উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি। পদ্মাতীরবর্তী চরাঞ্চলের সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি প্রতিবাদমুখর ছিলেন। মাস কয়েক আগে সন্ত্রাসী মন্জুর ভাই আতিয়ারকে হত্যা ও অস্ত্র মামলায় গ্রেফতার করা হয়।’’
