শাবি: আরো ৪ জনসহ গ্রেফতার ৩১

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৫:১০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের বন্দুকযুদ্ধের ঘটনায় আরো চার ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ৩১ জনকে গ্রেফতার করা হলো।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান গ্রেফতারকৃতরা হলেন- গণেন্দ্র চন্দ্র দাস, বিদ্যুত দাস, নারায়ণ চন্দ্র দাস ও সুমন মিয়া। তারা সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র।
ওসি জানান, শাবিতে বন্দুকযুদ্ধের ঘটনায় শনিবার দুপুর ১২টার দিকে নগরীরবাগবাড়ি এলাকা থেকে চার ছাত্রলীগ কর্মীকে আটক করা হয়। তাদেরকে আজ কোর্টে চালান দেয়া হবে বলে জানান তিনি।
গত বৃহস্পতিবার ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের উত্তম-অঞ্জন গ্রুপের সাথে সঞ্জীবন চক্রবর্তী পার্থ গ্রুপের সংঘর্ষ হয়। এতে সুমন দাস (২২) নামে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের এক ছাত্র নিহত হয়।  
উদ্ভূত পরিস্থিতিতে শাহজালাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ঘটনা তদন্তে শাবি‘র সাবেক কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত কোতয়ালী ও জালালাবাদ থানা পুলিশ মোট ৩১ জন ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করে।