গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

আপডেট : ২২ নভেম্বর ২০১৪, ১৬:৩০
গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ঠাকুরের দিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শনিবার সকালে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওই এলাকায় শনিবার বিকাল তিনটায় ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল এবং ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি পৃথক জনসভা আহ্বান করায় প্রশাসন সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জারি করে।
গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল মোমিন খান জানান, আইন শৃঙ্খলা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ বিধি-নিষেধ বলবৎ থাকবে। তবে নিদিষ্ট সময় পরেও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে বিধি-নিষেধের সময় আরো বৃদ্ধি করা হবে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ রাজিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আইন শৃঙ্খলা রক্ষায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।