প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া ইফাদ অটোসের আবেদন গ্রহণ শুরু হবে রবিবার থেকে। কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ শেষ হবে ২৭ নভেম্বর। প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত। শেয়ারবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে কোম্পানিটি ৬৩ কোটি ৭৫ লাখ টাকা উত্তোলন করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ২০০টি শেয়ারে মার্কেট লট। আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি ব্যবসা সম্প্র্রসারণ, ব্যাংকঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। ডিএসই সূত্রে এ সব তথ্য জানা গেছে।
এ দিকে, শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) রাইট শেয়ার-সংক্রান্ত সাবস্ক্রিপশন আগামী ৭ ডিসেম্বর রবিবার থেকে শুরু হয়ে শেষ হবে ৩০ ডিসেম্বর। শেয়ারবাজারে ১:২ অনুপাতে (অর্থাত্ প্রতি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার) ২ কোটি ১০ লাখ ৯৩ হাজার ৭৫০টি শেয়ার ছেড়ে ১ হাজার ৫৪ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকা উত্তোলন করবে। ১০০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ৪০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। কোম্পানিটি রাইট শেয়ারের মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রাইমারি ও সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ এবং ঋণ পরিশোধে ব্যবহার করবে।
