শনিবার ভোররাতে কুড়িগ্রাম শহরের ত্রিমোহিনী এলাকায় নির্মাণাধীন সরকারি বীজ হিমাগারে ডাকাতি হয়েছে। এ ঘটনায় হিমাগারের কয়েকজন স্টাফসহ পাঁচজন আহত হয়। আহতরা হলেন- কম্পিউটার অপারেটর মিথান (২৭), হিসাবরক্ষক আবুল কাশেম (৫৬), নিরাপত্তারক্ষী শিতল (৩৯), ইলেকট্রিক মেকানিক বুলু (৩৬) ও তার স্ত্রী সবিতা (২৮)। আহতরা কুড়িগ্রাম হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
সদর থানার এসআই ও তদন্তকারী কর্মকর্তা আব্দুল গফুর জানান, শনিবার ভোররাতে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত বীজ হিমাগারের প্রাচীর টপকে কম্পাউন্ডের ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে গার্ডদের হাত-মুখ বেধে গার্ডরুমে আটকে রাখে। পরে আবাসিক ভবনের দরজা ভেঙে ভেঙ্গে কর্মচারীদের মারধর করে।
