বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে শেখ হাসিনা সরকার বিএনপি’র নেতৃবৃন্দ ও খালেদা জিয়াকে আলোচনার জন্য সংসদে, সংসদের বাইরে আলোচনার প্রস্তাব জানিয়েছিলেন। কিন্তু তিনি সকল প্রস্তাব প্রত্যাখ্যান করে আলোচনায় না বসে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। সেইসাথে নির্বাচনের সাংবিধানিক পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নিয়ে জঙ্গিবাদীদের সাথে সম্পর্ক তৈরি করে তারা দেশে অন্তর্ঘাত ও সন্ত্রাসী তাণ্ডব চালান। সন্ত্রাসী পদ্ধতি চালু করে তারাই গণতান্ত্রিক পদ্ধতির পথ বন্ধ করে দিয়েছে। গতকাল শনিবার দুপুরে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিবিই ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন। এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রেজা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজাম মুনিরা, জাসদের মহাম্মদ আব্দুল্লাহ প্রমুখ।
