ঘিওরে সড়ক দুর্ঘটনায় বিজিবি সদস্য নিহত

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১৫:১৭
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় রবিবার সকালে ট্রাক চাপায় ফারুক হোসেন (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ঘিওর উপজেলার ফুলহারা গ্রামের আবদুল মান্নানের ছেলে এবং সদ্য নিয়োগপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক রাজু মিয়াকে (২৬) আটক করেছে।
নিহতের স্বজনেরা জানান, কিছুদিন আগে ফারুক বিজিবির সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত হন। আগামী ১ ডিসেম্বর তার প্রশিক্ষণে যোগদানের কথা ছিল। রবিবার সকালে ফারুক চাচাতো ভাই সেনাবাহিনীর সদস্য নাসির আহমেদের ‘গায়ে হলুদের ফুল’ আনতে ছোট ভাই হৃদয়কে (১২) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে মানিকগঞ্জে যান। বেলা সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার বানিয়াজুরী স্কুল এন্ড কলেজের সামনে তার মোটরসাইকেলটিকে বিপরীতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ফারুক গুরুতর আহত হলে স্থানীয়রা পার্শ্ববর্তী মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা চালকসহ ট্রাকটি আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে চালককে আটক করে নিয়ে যায়।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।