মানিকগঞ্জে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছেন। রবিবার একটার দিকে শহরের শহীদ রফিক সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মানিকগঞ্জে জেলা যুবলীগের সহ-সহসভাপতি অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক খান তুষারকে তার পদ থেকে সাময়িক স্থগিতাদেশ করার প্রতিবাদে তার অনুসারী যুবলীগ নেতা আতিকুর রহমান জিয়ার নেতৃত্বে¡ মানিকগঞ্জ সরকারী বালক বিদ্যালয় মাঠ (বিজয় মেলা মাঠ) থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের পুরাতন পৌরসভার সামনে পৌঁছলে জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহার নেতৃত্বে যুবলীগ নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, সংগঠনের ভাবমুর্তি নষ্টকরার অভিযোগে গত ১৮ অক্টোবর জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক খান তুষারকে জেলা যুবলীগ সহ-সভাপতির পদ সাময়িক স্থগিত করা হয়।
যুবলীগ নেতা আতিকুর রহমান জিয়া জানান, জেলা যুবলীগের সহ-সভাপতি আবুবকর সিদ্দিক খান তুষারকে তার পদ স্থগিতাদেশ করায় আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করতে ছিলাম। মিছিলটি পুরাতন পৌরসভার সামনে পৌঁছলে যুবলীগের সভাপতি সুদেব সাহার নেতৃত্বে কিছু সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৩০ জন নেতা কর্মী আহত হয়।
জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা জানান, সহ-সভাপতি আবুবকর সিদ্দিক খান তুষারের পদ স্থগিতাদেশ করায় প্রতিবাদ মিছিলের ব্যানারে কিছু বহিরাগত যুবকদের নিয়ে মিছিল করলে যুবলীগের নেতাকর্মীরা বাধা দেয়। কিন্তু এখানে কোন সংঘর্ষের ঘটনা ঘটেনি।
সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুর রহমান জানান, বিজয় মেলা মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের পুরাতন পৌরসভার সামনে পৌঁছলে যুবলীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
