বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান গুসি শান্তি পুরস্কার ২০১৪ গ্রহণ করার জন্য আজ রোববার ম্যানিলার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
‘গরিব মানুষের অর্থনীতিবিদ’ হিসেবে এ মাসের শুরুর দিকে তাকে এ সম্মানজনক পদকে ভূষিত করা হয়।
আজ বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর গুসি শান্তি পুরস্কার পদকে ভূষিত ১৫ জন বিশিষ্ট ব্যক্তির মধ্যে ড. আতিউর রহমান অন্যতম।
এ সম্মাননায় ভূষিত অন্যান্যরা হলেন- অস্ট্রিয়া, চীন, কঙ্গো, জার্মানি, ভারত, ইরান, ইতালি, জাপান, লিথুনিয়া, নেপাল নেদারল্যান্ডস, ফিলিপাইনস, পোল্যান্ড এবং সৌদি আরবের বিশিষ্ট ব্যক্তিত্ব। এ পদকে ভূষিত হওয়া দ্বিতীয় বাংলাদেশী নাগরিক ড. আতিউর রহমান। এশিয়া তো বটেই, বিশ্বের অন্যতম শান্তি পুরস্কার ‘গুসি পিস প্রাইজ’ ফিলিপাইনের ম্যানিলার ‘গুসি পিস প্রাইজ ইন্টারন্যাশনাল’ এর পক্ষ থেকে দেয়া হয়।
২০০২ সালে গুসি পিস ফাউন্ডেশন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বিরুদ্ধে অংশগ্রহণকারী গেরিলা যোদ্ধা, পরবর্তী সময়ে রাজনৈতিক এবং মানবতার জন্য সংগ্রামী জনপ্রিয় নেতা জেভিয়ার গুসির নামে এ পদকের প্রবর্তন করে।
এ পদকের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী সেসব ব্যক্তি বা দলকে এ পদক প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেয়া, যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কিংবা শান্তিস্থাপন এবং মানবজীবনের শ্রদ্ধা ও মর্যাদা রক্ষার জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আগামী ২৬ নভেম্বর ফিলিপিন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পদক বিভিন্ন দেশের বিশিষ্টজনের হাতে তুলে দেয়া হবে।
এ অনুষ্ঠানের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বিভিন্ন আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
ফিলিপাইন সফরকালে গভর্নর ড. আতিউর রহমান সে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। এছাড়াও তিনি ম্যানিলায় অবস্থিত এশিয়ান উন্নয়ন ব্যাংকের সদর দফতরে ‘আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন’ এর ওপর বক্তব্য রাখবেন। তিনি ২৮নভেম্বর দেশে ফিরে আসবেন বলে আশা করা যাচ্ছে।
