বিএল কলেজে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আটক ৩

আপডেট : ২৩ নভেম্বর ২০১৪, ১৮:৩১



আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা সরকারি বিএল কলেজে রবিবার দুপুরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় গ্রুপের পাঁচজন আহত হয়েছেন। কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে পুলিশ।

কলেজ সূত্র ও পুলিশ জানায়, বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের শিবলু ও সানি গ্রুপ সমাবেশ করছিল। এ সময় প্রতিপক্ষ রিয়াজ-শাহেদ গ্রুপ  লাঠিসোটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে শিবলু-সানি গ্রুপকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে শিবলু ও সানি গ্রুপ ক্যাম্পাসের বাইরে চলে যায়। কিছু সময় পর শিবলু ও সানি গ্রুপ লাঠিসোটা, রামদা ও ছোরা নিয়ে রিয়াজ শাহেদ গ্রুপকে ধাওয়া দেয়। এ সময় দু’ পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের পাঁচজন আহত হন। পরে পুলিশ ৫ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে উভয় গ্রুপকে ছত্রভঙ্গ করে দেয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্রদলের শিবলু ও সানি গ্রুপের সানি, জনি ও হাফিজকে আটক করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দর্প নারায়ণ সাহা বলেন, ছাত্রদলের দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।