পঁচিশ হাজার মেট্রিক টন করে ৭৫ হাজার মেট্রিক টন ইউরিয়া আমদানির তিনটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান— ৫০ হাজার মেট্রিক টন সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে এবং ২৫ হাজার মেট্রিক টন মংলা বন্দরের মাধ্যমে আমদানি করা হবে। সার আমদানির তিনটি প্রস্তাবের কাজ পেয়েছে দেশ ট্রেডিং এজেন্সি। এতে মোট ব্যয় হবে ১৯৬ কোটি ৫ লাখ টাকা। সব মিলিয়ে মোট ৭টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে এ বৈঠকে। অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলোর মধ্যে ২২ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে ঢাকা ওয়াসার ‘পদ্মা (জশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান চায়না সিএএমসি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের সমুদয় কাজ তদারকির জন্য একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানিকে পরামর্শক ফার্ম হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মোস্তাফিজুর রহমান আরো জানান, বৈঠকে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া গোবিন্দপুর রাস্তায় তুলাতুলি নদীর ওপর ৪৪০ মিটার দীর্ঘ গার্ডার ব্রিজ নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫২ কোটি ৭৩ লাখ টাকা। অন্য দিকে, ঢাকা সিটি করপোরেশনের ধলপুর ক্লিনার্স কলোনিতে ৫টি ১০তলা ভবন নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ‘এমইসি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড’কে। এতে ব্যয় হবে ৮৪ কোটি ৫০ লাখ টাকা।
এ ছাড়া, ৯৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে গোপালগঞ্জে ‘বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমীর ১০ তলা-বিশিষ্ট একাডেমিক ভবন-১ নির্মাণ কাজের ঠিকাদার নিয়োগ দেয়া হয়েছে। এটি নির্মাণ করবে মীর আখতার হোসেন লিমিটেড।
