রোববার পটুয়াখালীর দশমিনা উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে মোসা. নাজমা বেগম (১১) নামের এক ছাত্রী নিহত হয়েছে। নাজমা দশমিনার রণগোপালদি ইউনিয়নের গুলি আউলিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। নাজমার বাবা রুহুল আমিন মৃধার কাছ থেকে জানা গেছে, পরীক্ষা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয় নাজমা। আহত অবস্থায় দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষণা করেন। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
