রাজশাহীতে মা-ছেলেকে গলা কেটে হত্যা

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১১:২৩
রাজশাহীর বাগমারা উপজেলা সদরের দেউলা চৌরাস্তার মোড়ে মা ও ছেলেকে ছুরিকাঘাত ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতের কোনো একসময় এই জোড়া খুনের ঘটনা ঘটে। নিহতরা হলেন, মৃত মজিবর মেম্বারের স্ত্রী আকলিমা খাতুন (৪৫) ও তার ছেলে, রাজশাহী কলেজের দর্শন বিষয়ের মাস্টার্সের শিক্ষার্থী জাহিদ হাসান (২৫)।
ঘটনাস্থল থেকে পুলিশের উদ্ধৃতি দিয়ে আমাদের বাগমারা সংবাদদাতা মাহফুজুর রহমান প্রিন্স জানান, দেউলা চৌরাস্তার মোড়ের ওই বাড়ির দোতলার কাজ চলছিল। সোমবার সকালে কাজের জন্য নিয়োজিত মিস্ত্রীরা এসে বাইরে থেকে ডাকাডাকি করলেও ভেতর থেকে কেউ সারা দেয়নি। পরে ওই মিস্ত্রীরা বিষয়টি একই এলাকার পৃথক বাড়িতে বসবাসরত নিহত আকলিমা খাতুনের সৎপুত্র (মজিবর মেম্বারের প্রথম স্ত্রীর সন্তান) দুলালকে ডেকে জানায়। পরে দুলাল ওই বাড়িতে গিয়ে তার সৎ মায়ের ঘরের দরজা খোলা দেখতে পায়। এ সময় তিনি ভিতরে গিয়ে সৎ মা ও  ভাইয়ের গলাকাটা লাশ দেখে কান্নাকাটি শুরু করেন। দুলালের কান্না শুনে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে খবর পেয়ে বাগমারা থানা পুলিশ এসে ঘটনাস্থল ঘিরে রেখেছে। রাজশাহী থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা (সিআইডি) আলামত সংগ্রহের জন্য ঘটনাস্থলের পথে রয়েছেন।
জানা গেছে, মৃত মজিবর রহমানের প্রথম স্ত্রীর এক ছেলে দুলাল। দ্বিতীয় স্ত্রীর দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। মেয়েদের বিয়ের পর মা ও ছেলে ওই বাড়িতে থাকতেন। আর প্রথম পক্ষের স্ত্রীর সন্তান দুলাল একই এলাকার পৃথক বাড়িতে বসবাস করেন।