সুন্দরবনে নদীতে যাত্রীবাহী লঞ্চডুবি

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৫:৫৮
পূর্ব সুন্দরবনের শ্যালা নদীতে হরিণটানা এলাকায় সোমবার ভোরে শাহীদূত নামে ঢাকা-ভান্ডারিয়া রুটের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। সুন্দরবনের শরণখোলার সহকারী বন সংরক্ষক কামাল উদ্দীন এ সংবাদ নিশ্চিত করেছেন। লঞ্চটিতে যাত্রী না থাকলেও ২৫/২৬ জন ক্রু ছিল।
লঞ্চ মালিক সূত্রে জানা গেছে, গতকাল রবিবার বিকালে ভান্ডারিয়া থেকে লঞ্চ শাহীদূত সুন্দরবনে পর্যটক বহনের জন্য খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। মধ্যরাতে কুয়াশার মধ্যে চাঁদপাই রেঞ্জ থেকে ৫০/৫৫ কিমি দূরে লঞ্চটি ডুবো চরে আটকে যায়। তখন ক্রুরা নদীর তীরের গাছের সাথে দড়ি-কাছি দিয়ে লঞ্চটি বেঁধে রাখার চেষ্টা চালায়। কিন্তু ভোর সাড়ে পাঁচটার দিকে ভাটির টানে পানি কমে গেলে শাহীদূত খাড়া হয়ে নদীতে নেমে যায়। শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ সদর দপ্তরের সীমান্ত এলাকায় হরিণটানা বন অফিসের কাছাকাছি দুর্ঘটনাস্থলটি সুন্দরবনের গভীর অরণ্যে হওয়ায় লঞ্চ ডুবির বিস্তারিত খবর পাওয়া যাচেছ না।