নওগাঁর মহাদেবপুর উপজেলার উত্তরগ্রামের আবু হাই মনি (২৭) নামে এক যুবক বড় ভাইয়ের হাতে খুন হয়েছেন। রবিবার রাত ১১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মনি করনপুর গ্রামের নছের আলীর ছেলে।
মহাদেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে বড় ভাই মো. সাঈদের (৩২) সাথে মনির পারিবারিক কলহ চলছিল। এরই জের ধরে রবিবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হলে একপর্যায়ে সাঈদ ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলেই মনি মারা যান। ঘটনার পর সাঈদ পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই মনির মৃতদেহ উদ্ধার করে। সোমবার দুপূরে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গ পাঠানো হয়েছে লাশ। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়েছে।
