গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিন ব্যবসায়ীকে কুপিয়ে ব্যবহৃত মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রবিবার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার সাহেবগঞ্জ ইক্ষু খামার পুলিশ বক্স সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া গ্রামের আব্দুল হালিম মিয়া (৩৮), হাতেম আলী (৩৫) ও আসমান আলী (৩৫)। তাদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আসাদ মিয়া জানান, আহতরা গোবিন্দগঞ্জে ব্যবসা সংক্রান্ত কাজ শেষে রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেলে করে দিনাজপুর ফিরছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা সড়কের উপর গাছ ফেলে তাদের গতিরোধ করে। পরে ৭/৮ দুর্বৃত্ত তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ ৫০ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
