চুয়াডাঙ্গায় দর্শনায় সড়ক দুর্ঘটনায় করম আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বেলা আড়াইটায় দর্শনা-জীবননগর সড়কের দর্শনা বাসস্ট্যান্ডের কাছে এই দুর্ঘটনা ঘটে। করম আলী কেরু চিনিকলের বয়লার সেকশনে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মটরসাইকেলযোগে করম আলী জীবননগরে যাচ্ছিলেন। বেলা আড়াইটার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের অদূরে রসিক শাহের মাজারের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস তাকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঐ বাসের পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।
