সড়ক দুর্ঘটনায় বাংলাভিশনের প্রোগ্রাম অপারেটর নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৮:২৮
 
ছুটিতে বাড়িতে এসে কাজে ফেরা হলো না মনিরুজ্জামান লিটনের (৩৮)। সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। নিহত লিটন রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার আলহাজ্ব শুকুর উদ্দীন মেম্বারের ছেলে।
নিহতের ছোট ভাই জিয়াউর রহমান জানান, লিটন ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রোগ্রামার অপারেটর। তিনদিনের ছুটিতে তিনি গত শনিবার সকালে বাড়ি আসেন। সোমবার সকালে পারিবারিক কাজে লিটন মোটরসাইকেলে চাঁপাইনবাবগঞ্জের নাচোল যাচ্ছিলেন। পথিমধ্যে নাচোল উপজেলার স্বপ্নপল্লী এলাকায় ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লিটন ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তানোর থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাটি ঘটেছে নাচোল থানা এলাকায়।