চলতি বছর বন্ড ছাড়া হচ্ছে না: অর্থমন্ত্রী

আপডেট : ২৪ নভেম্বর ২০১৪, ১৯:৪৩
 
চলতি বছর কোনো বন্ড ছাড়া হচ্ছে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে আগামী ২০১৫ সালে ছাড়া হবে কিনা সেটা তখন বিবেচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। সোমবার দুপুরে সচিবালয়ে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী ইসাবেলা লোভিনের সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বড় অবকাঠামো উন্নয়নের অর্থের সংস্থান করতে সার্বভৌম বন্ড ছাড়ার ঘোষণা রয়েছে সরকারের। এ বছর এ ধরনের কোনো বন্ড আসছে কি না- এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমাদেরই তো অনেক টাকা আছে। তাই এ বছর বন্ড ছাড়ার কোনো ইচ্ছে নেই। ২০১৪ সালে বাজারে বন্ড ছাড়া হচ্ছে না। তবে, ২০১৫ সালের ব্যাপার তখন ভাবা হবে।
তিনি বলেন, বিগত বাজেটে আমরা বিদ্যুত্ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলাম। আগামী বাজেটে মানবসম্পদ উন্নয়ন খাতকে অগ্রাধিকার দেয়া হবে। এরপর যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে থাকবে অবকাঠামোগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন।
সুইডিশমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, তিনি এসেছেন সার্বিক বিষয়ে কথার বলার জন্য। তারা বাংলাদেশের উন্নয়ন সহযোগী। তাদের কাছে জলবায়ু পরিবর্তন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। আমরাও তাদের জানিয়েছি জলবায়ু পরিবর্তন ইস্যু বাংলাদেশও সমান গুরুত্ব দেয়। এ নিয়ে দ্বিমত নেই।