কৃষকের পরিশ্রমেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ---------ড্যান ডব্লিউ মজীনা

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ০০:২১

ঈশ্বরদীর কৃষকদের অভাবনীয় সাফল্য দেখে অভিভূত হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। কৃষকদের প্রশংসা করে মজীনা বলেছেন, এদেশের কৃষকরা পরিশ্রমী। তাদের পরিশ্রমের কারণেই বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। গতকাল সোমবার বিকালে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারী গ্রামে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি আয়োজিত কৃষকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, এদেশের কৃষকরা আমার বন্ধু। তারা নতুন ভাবনা নিয়ে কাজ করেন। আমি কৃষকের সন্তান। আমার বাবাও ঈশ্বরদীর কৃষকের মতো নতুন ভাবনা নিয়ে কাজ করতেন। আমি খুব শীঘ্রই বাংলাদেশ ছেড়ে যাচ্ছি। তবে আমার মন পড়ে থাকবে বাংলাদেশে।

সোসাইটির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ইউএসআইডি’র পরিচালক জ্যানিনা জেরুজালেস্কি, পরিচালক ইকোনমিক গ্রথ রুজামোনা প্রমুখ। মতবিনিময়কালে কৃষক উত্পাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়া নিয়ে তাদের কষ্টের কথা বলেন। এর আগে মজীনা ঈশ্বরদী আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে পৌঁছালে বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডল তাকে অভ্যর্থনা জানান।