বাগমারায় নিজ বাসায় মা ও ছেলে খুন

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ০০:২৫

জেলার বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামে নিজ বাসায় মা ও ছেলে খুন হয়েছেন। গত রবিবার রাতের কোন এক সময়ে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন আকলিমা বেগম (৪৮) ও জাহেদুল ইসলাম জাহিদ (২৫)। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ মর্গে প্রেরণ করেছে। সিআইডির বিষেশজ্ঞ দল ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করেছে।

জানা যায়, বাগমারার দেউলা চৌরাস্তার কাছে নাটোর কোল্ড-স্টোরেজের পাশের রাস্তার ধারেই নিজস্ব দোতলা বাসায় বসবাস করতেন মৃত মজিবর রহমানের স্ত্রী আকলিমা ও তার ছেলে জাহেদুল ইসলাম। জাহেদুল রাজশাহী কলেজ হতে দর্শন বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ করেছেন বলে জানা গেছে।
জাহেদুলের ভাই দুলাল হোসেন বলেন, গতকাল সকালে বাড়ির দ্বিতীয় তলায় কাজ করার জন্য রাজমিস্ত্রি আসে। বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে তারা আমার বাড়িতে আসে। আমি রাজমিস্ত্রিদের সঙ্গে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে ঘরের মেঝেতে মা ও ভাইকে মৃত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশে খবর দেই।
খবর পেয়ে রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির, র্যাব-৫ এর অধিনায়ক আব্দুল কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোয়াজ্জেম হোসেন ভূইয়া, পুঠিয়া সার্কেল এএসপি আবু সায়েম প্রধান, সিআইডি ফরেনসিক বিভাগের পরিদর্শক এনাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, প্রায় বিশ বছর আগে আকলিমার স্বামী মজিবর রহমান মারা যায়। কয়েক বছর আগে আকলিমা দেউলা চৌরাস্তার কাছে নির্মিত এই বাড়িতে বসবাস শুরু করেন। স্থানীয়রা নিহত আকলিমার বিরুদ্ধে নানা অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগ করেছেন। তারা বলেন, এজন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার জেল-জরিমানাও হয়েছে। জামিনে বের হয়ে              আবারো অনৈতিক কাজে লিপ্ত হন তিনি। সূত্র জানায়, আকলিমা অনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি সুদের ব্যবসাও করতেন।
রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির জানান, নিহত আকলিমা বেগম অনৈতিক কাজের সঙ্গে জড়িত ছিল। তার অর্থের উত্স নিয়ে সন্দেহ আছে। কি কারণে তাদের খুন করা হলো তা খতিয়ে দেখা হচ্ছে।    

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, জোড়া খুনের ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। কি কারণে এবং কারা এ খুনের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।