মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ০০:৩৫

সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নে বাংগালা এলাকায় গতকাল সোমবার এক গ্রামীণ মেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জন আহত হয়। তাদের মধ্যে ১ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া অন্যদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২ দিন ধরে এই এলাকায় জাহের পাগলার ওরস উপলক্ষে মেলা চলছিল। মেলায় শেখ কুব্বত বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিলেন। প্রত্যক্ষদর্শী সুখলাল মণ্ডল ও মো. কুসুমউদ্দিন জানান, গতকাল সকাল ১১টার দিকে বেলুনে গ্যাস ভরতে গেলে হঠাত্ টোটাল কোম্পানির সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন ব্যবসায়ী কুব্বতসহ আহত হয় ৬ জন। গুরুতর আহত কুব্বতকে চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা হলেন— রোজিনা বেগম (২৮), তার মেয়ে জোনাকি (৭), বিলকিস বেগম (২৪), তার ছেলে বিজয় (৬) ও আরফিন।