গাংনিয়া সীমান্তে দুটি তক্ষকসহ আটক ৪

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৬:৪৭



দুটি তক্ষক ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে সদর উপজেলার গাংনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শহরের রসুলপুর এলাকার সপ্তম মণ্ডলের ছেলে আব্বাস উদ্দীন (১৮), শ্যামনগর উপজেলার হাইবাতপুর এলাকার নূর আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫), একই উপজেলার বাধঘাটা এলাকার আজিজ মোড়লের ছেলে সহিদুল ইসলাম (৩৫) ও নৈকাটি এলাকার মুজিবর গাজীর ছেলে সফিকুল ইসলাম (২৮)।

পুলিশ জানায়, মোটা অংকের টাকার বিনিময়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশ ভারতে তক্ষক পাচার করা হচ্ছে এমন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ সদর উপজেলার গাংনিয়া সীমান্তে অভিযান চালিয়ে চার চোরাকারবারীকে আটক করে। আটককৃতদের পরে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।