দক্ষিণ অস্ট্রেলিয়া মহাসাগরের তলদেশ ঘুরে গেল বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি। মহাসাগরে ঘোরার সময় কাঁচের আবরণ দিয়ে আবৃত ছিল ট্রফিটি। নিয়মানুযায়ী বিশ্বকাপে অংশগ্রহণকারী সকল দেশেই ইতোমধ্যে সফর করেছে আগামী বিশ্বকাপের ট্রফিটি। বর্তমানে ট্রফিটি রয়েছে বিশ্বকাপের অন্য আয়োজক দেশ অস্ট্রেলিয়াতে। সময় ভেদে সেখানকার বিভিন্ন স্থানে এখন সফরে করবে ট্রফিটি। সেই প্রেক্ষিতে দর্শকদের জন্য আগামী এক সপ্তাহ দক্ষিণ অস্ট্রেলিয়ায় রাখা হবে ট্রফিটি। ক্রিকেট ভক্তদের সামনে প্রদর্শনের আগে ট্রফিটি সফর করলো দক্ষিণ অস্ট্রেলিয়ার মহাসাগরের তলদেশ।
আর এটি সম্ভব হয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শন টেইটের কারণে। জাহাজ কোম্পানি ক্যালিপসো চার্টার্স শার্ক কেইজ ডাইভ-এর সহায়তায় ট্রফি নিয়ে মহাসাগরের তলদেশ ভ্রমণ করেছেন টেইট। ভ্রমণের সময় টেইটের সঙ্গী হয়েছিলেন তার স্ত্রী ভারতীয় বংশোদ্ভূত মডেল মাসুম সিঙ্গা। সাথে আরো ছিলেন ভ্রমণে সহায়তা করা জাহাজের বেশ কিছু কর্মীও।
মহাসাগরের তলদেশে ট্রফি নিয়ে ঘুরে আসার পর নিজের রোমাঞ্চের কথা জানাতে দেরি করেননি টেইট, ‘বিশ্বকাপ ট্রফিটিকে খুব কাছে পাওয়ার দারুণ সুযোগ পেয়েছি। তাই ইচ্ছে হলো আহামরি কিছু করতে। এজন্য ট্রফিটি নিয়ে মহাসাগরের নিচে চলে গেলাম। আমার এমন কর্ম দেখে ভক্তরা আরো উৎসাহী হবেন ট্রফিটি সামনাসামনি দেখতে। আমার এমন রোমাঞ্চকর কাজে সহায়তার জন্য জাহাজের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’
চলতি সপ্তাহে চারবার দক্ষিণ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে আগামী বিশ্বকাপের ট্রফিটি। এরপর আগামী মাসে নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ায় প্রদর্শিত হবে ট্রফিটি। খবর বাসসের।
