বেড়ায় জুট মিলে অগ্নিকাণ্ড

আপডেট : ২৫ নভেম্বর ২০১৪, ১৭:৪৮
 
 
পাবনার বেড়ায় বেঙ্গল জুট টুয়াইন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০ হাজার মন পাটসহ ৫০টি মেশিন পুড়ে গেছে। এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা ধারনা করছেন। 
বেড়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বেড়ার অধিননগরে সম্পূর্ণ রফতানিমূখী বেঙ্গল জুট টুয়াইন মিলে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় মিলের জ্বালানী ট্যাংকী বিস্ফোরণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহুর্তের মধ্যে মিলের ৩টি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শাহজাদপুর ও পাবনা সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার মূল ইউনিটসহ তিনটি গুদামে মজুদ ৫০ হাজার মণ পাট ও পাটের তৈরি ৪০০টি রোল, ৫০টি সুতলী তৈরীর মেশিন, নয় হাজার লিটার জ্বালানী তেলসহ চট তৈরির মেশিন। আগুন লাগার পর মিলের শ্রমিকেরা ছুটাছুটি করে বাইরে আসে। 
বেঙ্গল জুট টুয়াইন মিলের অন্যতম মালিক প্রভাষক আবু সাইদ জানান, অগ্নিকাণ্ডে তাদের মিলের মজুদ পাট, মেশিনারিজ ও জ্বালানী তেলসহ প্রায় ৫০ কোটি টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
বেড়া ফায়ার সার্ভিসের পরিদর্শক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, সর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে তদন্ত না করে সঠিকভাবে কিছু বলা যাবে না।
বেঙ্গল জুট টুয়াইন মিলের নির্বাহী কর্মকর্তা মির্জা হেদায়েতুল নবী সুরুজ জানান, সর্ট সার্কিট অথবা মেশিন গরম হয়ে জ্বলানী তেলের ট্যাংকী বিস্ফোরণের করণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।