উদ্ধার করা ফেন্সিডিলের নিয়ন্ত্রণ নিয়ে পুলিশ বিজিবি হাতাহাতি

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০১:০১

খুলনা-সৈয়দপুর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ফেন্সিডিল উদ্ধারের সময় ফুলবাড়ী স্টেশনে রেল পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি’র) মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার হওয়া ফেন্সিডিলগুলো কাদের তত্পরতায় উদ্ধার হয়েছে এর নিয়ন্ত্রণ নিয়েই উভয় গ্রুপের মধ্যে এ মতবিরোধ হয়।

জানা যায়, ট্রেনে বিপুল পরিমাণ ফেন্সিডিল আছে বলে খবরে গতকাল মঙ্গলবার ফুলবাড়ী স্টেশনে সৈয়দপুর রেলওয়ে থানার রেল পুলিশের টিজি পার্টি ট্রেনের কোচের মালামাল রাখার জায়গায় উদ্ধার কাজ শুরু করে। ২৯ ফুলবাড়ী বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরাও গোপন খবরে ফেন্সিডিলগুলো উদ্ধার কার্যক্রমের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। ফলে রেল পুলিশ ও বর্ডার গার্ডের সদস্যদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। উভয়পক্ষের সংঘর্ষে সাদ্দাম নামে একজন রেল পুলিশ আহত হয়। বিষয়টি ফুলবাড়ী স্টেশনে সমাধান না হওয়ায় উভয়পক্ষ পার্বতীপুর স্টেশনে আলোচনায় বসেন। আলোচনা শেষে ৭৩টি ফেন্সিডিল বর্ডার গার্ডের সদস্যরা ফুলবাড়ী ব্যাটালিয়নে নিয়ে যায়।