মাদক বিস্তারে পুলিশকে দুষলেন চট্টগ্রামের ওয়ার্ড কাউন্সিলররা

আপডেট : ২৬ নভেম্বর ২০১৪, ০১:১৪

বন্দরনগরী চট্টগ্রামে মাদক বিস্তারের জন্য পুলিশকে দায়ী করেছেন ওয়ার্ড কাউন্সিলররা। গতকাল মঙ্গলবার সিএমপির শীর্ষ কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তারা এ অভিযোগ করেন। জবাবে সিএমপি কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল বলেন, পুলিশের মধ্যে দুই একজন খারাপ লোক থাকতে পারে। এর দায় সমগ্র পুলিশ বিভাগ নেবে না। এসব পুলিশের বিষয়ে তার কাছে সরাসরি তথ্য দেয়ার জন্য ওয়ার্ড কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্ন ও যানজটমুক্ত নগরী গড়ার লক্ষ্যে জনপ্রতিনিধি ও পুলিশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল সিএমপি সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। কয়েকজন কাউন্সিলর সরাসরি  অভিযোগ করেন, তাদের এলাকায় থানার ওসির তত্ত্বাবধানে মাদক ব্যবসা হয়। পুলিশের ইনফর্মার ও সোর্সরা এই ব্যবসা করে। এ বিষয়ে থানায় অভিযোগ করে কোন প্রতিকার পাওয়া যায় না। উল্টো মাদক ব্যবসায়ীদের রোষানলে পড়ে বিপদের মধ্যে থাকতে হয় অভিযোগকারীকে।